সারাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। তবে তাদের দেওয়া প্রশ্নের সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের কোনো মিল পাওয়া যায়নি। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।
এছাড়া পুলিশ সদর দফতরের সাম্প্রতিক চিঠিতে সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনার তথ্যের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সদর দফতর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে বাহিনীর সাবেক দুই সদস্যের যোগাযোগ ছিল। তারা জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, উপাসনালয়, বিনোদনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। বোমা হামলার পাশাপাশি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। সামগ্রিকভাবে, এই চক্রকে দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

