স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১০ বছর পর আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ এপ্রিল) কুমিল্লা-র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে কেরাণীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান।
আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ জন তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করেছেন।
বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত হন। এ সময় তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আলোচিত ও সংবেদনশীল মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

