মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজা-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এ মামলা করা হয়।
মামলার বাদী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, মন্ত্রীর বিরুদ্ধে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্য করায় এ মামলা দায়ের করা হয়। মামলার পর আদালত থেকে সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে আমির হামজা আদালতে হাজির হননি। এর পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে, তাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু হাজির না হওয়ায় বিচারক এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে খুতবার আগে আলোচনায় তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আমির হামজা। এ ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।

