পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে। বিশেষ করে ৯ এপ্রিল, ইমরান খানের ক্ষমতাচ্যুতির দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে শাহবাজ শরিফ সরকার রাওয়ালপিন্ডি শহরে ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ হয়েছে।
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, পিটিআই-এর কর্মসূচি শান্তিপূর্ণ। তিনি সরকারের প্রতি প্রতিহিংসা না করে সমাবেশ অনুমোদনের আহ্বান জানান, তবে প্রশাসন তা অনুমোদন করেনি।
আইনি লড়াইয়ে কিছু স্বস্তির খবর এসেছে ইসলামাবাদ হাইকোর্ট থেকে। সাবেক প্রধানমন্ত্রীর ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের বেঞ্চ ইঙ্গিত দিয়েছেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি হতে পারে।
রাজপথে ১৪৪ ধারা আর আদালতে আইনি লড়াই—সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে এখন চরম স্নায়ুযুদ্ধ বিরাজ করছে।

