ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। একই সঙ্গে আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।
আজ বুধবার প্রকাশিত ১৩ দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসা বা সংশ্লিষ্ট সেবা নিতে হলে আবেদনকারীদের অবশ্যই সরকারি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
যেসব দেশ যৌথ বিবৃতিতে সই করেছে
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—
- যুক্তরাজ্য
- কানাডা
- ডেনমার্ক
- ফ্রান্স
- জার্মানি
- হাঙ্গেরি
- ইতালি
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- স্পেন
- সুইডেন
- সুইজারল্যান্ড
- অস্ট্রেলিয়া
ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়াসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশের হাইকমিশন ও দূতাবাস নিজেদের ফেসবুক পেজে এই যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
কী কী বিষয়ে সতর্ক করা হয়েছে
যৌথ বিবৃতিতে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে—
- জাল কাগজপত্র ব্যবহার করা যাবে না
- অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া থেকে বিরত থাকতে হবে
- অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া যাবে না
কী ধরনের ঝুঁকি হতে পারে
বিবৃতিতে বলা হয়েছে, এসব অনিয়মের কারণে—
- ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে
- আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আবেদনকারীরা
- গন্তব্য দেশের সীমান্তে প্রবেশে বাধা তৈরি হতে পারে
- এমনকি গুরুতর আইনি জটিলতাও দেখা দিতে পারে
এজেন্টদের বিষয়ে কড়া বার্তা
১৩ দেশের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়।
এ কারণে, “বিশেষ সুবিধা”, “ভিসা নিশ্চিত”, “দ্রুত অনুমোদন” বা “প্রভাব খাটিয়ে কাজ করিয়ে দেওয়ার” মতো দাবি করা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করতে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের প্রতি আহ্বান
আবেদনকারীদের বলা হয়েছে, যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেল ব্যবহার করে ভিসা ও অন্যান্য কনস্যুলার কার্যক্রম সম্পন্ন করতে।
বিবৃতিতে বলা হয়, এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে।

