দেশে হামের টিকার মজুত বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাম পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের টিকা ব্যবস্থাপনায় অবহেলা ও প্রশাসনিক জটিলতার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল, তবে সরকার এখন সেই সংকট কাটিয়ে উঠছে। তিনি বলেন, হামের টিকা নিয়ে বর্তমানে কোনো সংকট নেই।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি জানান, দেশে এখন পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা পাওয়া গেছে এবং অতিরিক্ত মজুতও রয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতি ও অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়ার পরিবর্তে সরাসরি ইউনিসেফের কাছ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।
এ সময় হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
আগের ঘোষণার পরিবর্তন
এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন-
- ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে
- এবং ৩ মে থেকে সারাদেশে এই কর্মসূচি চালু হবে
তবে আজ নতুন করে জানানো হয়েছে, ৩ মে নয়, ২০ এপ্রিল থেকেই সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে।

