নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)–এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আলী হোসেন (৪৯)। তিনি পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কীভাবে ঘটেছে ঘটনা
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আলী হোসেনসহ সাত থেকে আটজনের একটি দল সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন।
এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন বলে জানা গেছে।
পরে তার মরদেহ ভারতীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিজিবির বক্তব্য
এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, নিহতের মরদেহ ফেরত আনা এবং ঘটনার বিষয়ে আলোচনা করতে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের চেষ্টা চলছে।
সীমান্তে উত্তেজনা
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

