ক্রীড়া ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ। এর পরিবর্তে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার (৭ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে এনএসসি জানায়, বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্বলতা ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-এর কাছেও বিষয়টি ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন গঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

