নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডিবি সূত্রে জানানো হয়েছে, পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
একাধিক মামলার তথ্য
জানা গেছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনায় ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার দায়ের করা ওই মামলায় শিরীন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব
ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হন। এরপর টানা চারবার এ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি তিনি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন।
তিনি আওয়ামী লীগের মনোনয়নে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন।
৫ আগস্টের পর জনসম্মুখে কম উপস্থিতি
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, গত ২ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
এরপর থেকে তিনি জনসম্মুখে খুব একটা দেখা দেননি। ফলে তার অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা ও কৌতূহল ছিল।

