নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকলে অনেক জটিল সমস্যারও সমাধান সম্ভব।
‘পুরনো সম্পর্কের ধরণ আর হবে না’
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্ক ছিল, বর্তমান সরকারের অধীনে তা আর হবে না। তিনি মন্তব্য করেন, “শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ”।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়েও আলোচনা
বৈঠকের প্রেক্ষাপটে তিনি জানান, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে আগামীকাল ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরকালে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাও।
তিনি বলেন, সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা–বিষয়ক দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সীমান্ত হত্যা থেকে জ্বালানি—আলোচনায় আসবে নানা ইস্যু
হুমায়ুন কবির আরও জানান, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সীমান্ত হত্যা, জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ—এসব বিষয় সফরকালে আলোচনায় গুরুত্ব পাবে।

