আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১২ সেন্ট বেশি।
রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর থেকেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। এরপর থেকে দেশটিতে জ্বালানির দাম প্রায় ৩৭ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ার প্রভাবেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও।
অঙ্গরাজ্যভেদে জ্বালানি তেলের দামে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।
সবচেয়ে বেশি দাম রয়েছে ক্যালিফোর্নিয়ায়, যেখানে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় ৫ দশমিক ৯২ ডলার।
অন্যদিকে, সবচেয়ে কম দাম রয়েছে ওকলাহোমায়, যেখানে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হচ্ছে ৩ দশমিক ২৯ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও চাপ তৈরি হতে পারে, যা সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে।

