দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হামের টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও শিশুরা এই ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নিতে পারবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি।
তিনি বলেন, সারা দেশে নয়, প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হবে। হামের ব্যাপক বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মোট ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এসব এলাকাকে হামের সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পর দেশের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

