দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে কাজাখস্তান থেকে ১ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ০৬ মার্কিন ডলার মূল্যে ১ লাখ টন ডিজেল কেনা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই জ্বালানি আমদানি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এছাড়া, দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, গত সপ্তাহেও সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘এক্সনমোবিল কাজাখস্তান ইনক’ থেকে আরও ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছিল। ফলে সাম্প্রতিক সময়ের জ্বালানি চাহিদা ও সরবরাহ পরিস্থিতি সামাল দিতে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহে জোর দিচ্ছে সরকার।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় আগাম প্রস্তুতির অংশ হিসেবেই সরকার এই আমদানি কার্যক্রম জোরদার করেছে।

