রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতিতে চলা একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম ফিরোজ আহমেদ (৫০)। তিনি কদমতলির মুরাদপুর এলাকায় বসবাস করতেন। অপর নিহত ব্যক্তি একজন যাত্রী, যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পথচারীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে তিনি মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তিনি দেখতে পান, একটি ট্রাক উল্টোপথে অত্যন্ত বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে। প্রায় ৩০ সেকেন্ড পর সামনের দিকে গিয়ে ট্রাকটি একটি ব্যাটারিচালিত রিকশাকে সজোরে ধাক্কা দেয় এবং রিকশার ওপর উঠে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন দৌড়ে গিয়ে ট্রাকের নিচে আটকে পড়া দুইজনকে উদ্ধার করেন এবং ট্রাকচালককে আটক করেন। পরে আহতদের দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আটক চালককে জিজ্ঞাসাবাদে জানা যায়, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় অন্য একটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটিকে ধরতে গিয়েই তিনি উল্টোপথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত রিকশাচালকের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর যাত্রীর পরিচয় শনাক্তে কাজ চলছে।

