দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর এটিই বিএনপির স্থায়ী কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই জাতীয় সনদ, বৈশ্বিক জ্বালানি সংকট, দেশে হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন এবং দলের সাংগঠনিক কার্যক্রম—এসব বিষয় গুরুত্ব পেতে পারে।
এর আগে, জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠককে দলীয় সিদ্ধান্ত ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর প্রথম স্থায়ী কমিটির বৈঠক হওয়ায় এতে গৃহীত সিদ্ধান্তগুলো সরকার ও দল—উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

