স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু মহালকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে গুলি ও কুপিয়ে মিরাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং তেওতা বালু মহালের ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ড্রেজারের ওপর বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ হোসেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত স্পিডবোটে এসে অতর্কিত গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালু মহালের ইজারাদার কাওছার আলম জানান, বালু মহাল পরিচালনাকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ চলছিল এবং তাকে মোবাইল ফোনে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ জানায়, বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাত সাড়ে ৯টা পর্যন্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

