নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এ তথ্য জানান। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাসুদ রানা, সাজেদুল ইসলাম, সাগর প্রামানিক, আক্তার হোসেন, আলামিন, আবু বক্কর সিদ্দিক, বিল্লাল হোসেন ও ছালাম।
এর আগে, গত ২০ মার্চ রাতে শিবালয় উপজেলার আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিল এবং ২৩ মার্চ ভোরে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় ডাকাতি সংঘটিত হয়। দেশীয় অস্ত্রে সজ্জিত ২০-২৫ জনের একটি দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে এবং মেশিন রুমে আটকে রাখে।
এ সময় তারা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ, তামার তার, কম্পিউটার, ডিভিআর ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়। দুই ঘটনায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে লুট হওয়া বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ তামা, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং ডাকাতির কাজে ব্যবহৃত হাইড্রোলিক কাটার, ড্রিল মেশিনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

