বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। ফলে তাকে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক ও বাংলাদেশি একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে।
জানা গেছে, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক বক্তৃতা সিরিজে অংশ নিতে তিনি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফরে ছিলেন। তবে সফর চলাকালেই মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। এর ফলে নির্ধারিত কয়েকটি কর্মসূচি আর অনুষ্ঠিত হয়নি।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম দেশটির পার্লামেন্টে বলেন, আজহারির সফর নিয়ে বিভিন্ন কমিউনিটি গ্রুপ আগেই উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের অভিযোগ, অতীতে তার কিছু বক্তব্যকে ঘিরে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ উঠেছিল।
গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি বক্তব্যসহ তার আগের কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এসব অভিযোগের জেরেই প্রশাসনিকভাবে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন আজহারি। তিনি দাবি করেছেন, বর্তমান সফরে তিনি এখনো কোনো বক্তব্য দেননি, বরং পুরনো কিছু বক্তব্যের খণ্ডিত অংশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। একইসঙ্গে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এ ঘটনায় সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

