যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি দাবি করেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, উপনিবেশবাদ কিংবা আধিপত্য বিস্তারের নীতি অনুসরণ করেনি। বরং দেশটি সবসময় নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে।
বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত ওই চিঠিতে পেজেশকিয়ান বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা, যার পরিচয় কেবল ভৌগোলিক নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবেও গভীরভাবে প্রোথিত।
চিঠিতে ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে তুলে ধরার প্রবণতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এমন বর্ণনা বাস্তবতা বা ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে মূলত কিছু প্রভাবশালী শক্তির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার অংশ হিসেবে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব রাজনীতিতে সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্রশিল্প সচল রাখা এবং কৌশলগত বাজারের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্যই ‘শত্রু রাষ্ট্র’ তৈরির রাজনীতি চালু রয়েছে।
চিঠিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশটির বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, এমনকি সাধারণ মানুষের ওপর আক্রমণ, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধের শামিল।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলার প্রভাব শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব আরও বিস্তৃত অঞ্চল ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপরও পড়তে পারে।

