নিজস্ব প্রতিনিধি:
অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও মাটি পরিবহনরত একটি ট্রলি জব্দ করে অকেজো করা হয়।

বুধবার (১ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ চকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আটক আশ্রাব আলী মোল্লার ছেলে মো. রনি মোল্লাকে (২৬) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাখন বিশ্বাসের ছেলে মো. মারুফ হোসেন (২৪) এবং আঃ ছাত্তারের ছেলে মো. লুৎফর রহমানকে (২৪) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান, ফসলি জমির উর্বর মাটি সংরক্ষণে অবৈধ মাটিকাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

