দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। একইসঙ্গে ইপিআইয়ের নিয়মিত অন্যান্য টিকাদান কার্যক্রমও চালু থাকবে।
বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় হামের বিস্তার ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, গ্যাভি থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ হাম টিকা সাময়িকভাবে সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইউনিসেফকে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে। নতুন চালান দেশে পৌঁছানোর পর ধার নেওয়া টিকাগুলো গ্যাভিকে ফেরত দেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যেই হামে বেশি আক্রান্ত গ্রামাঞ্চলগুলোতে সিরিঞ্জ ও টিকা পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ভ্যাকসিন সংশ্লিষ্ট সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ বলছে, শিশুদের সুরক্ষায় অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে টিকাকেন্দ্রে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, হামের সংক্রমণ দ্রুত ছড়াতে পারে এবং সময়মতো টিকা না পেলে শিশুদের জন্য তা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

