বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান এলাকায় মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গুলশান থানায় দায়ের করা মো. ইমরান হত্যা মামলায় আর এস ফাহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে, রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় চিড়িয়াখানার সামনে জনরোষের মুখে পড়েন আর এস ফাহিম চৌধুরী। পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
পুলিশের ভাষ্য, মামলাটি তদন্তাধীন থাকায় এই পর্যায়ে তাকে কারাগারে রাখা প্রয়োজন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

