জাতীয় সংসদ সচিবালয়ে সোমবার (৩০ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারম্যন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জানা গেছে, সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। পরে সংক্ষিপ্ত আলাপ শেষে তিনি ডা. শফিকুর রহমানকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই আচরণ ও সৌজন্যতা উপস্থিতদের নজর কাড়ে এবং তা নিয়ে প্রশংসাও দেখা যায়।
এর আগে বেলা ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় পাশাপাশি অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হাঁটছিলেন।
সেই সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে, প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে নিজের সংসদ সচিবালয়ের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই নেতার এই সাক্ষাৎ ছিল সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ। প্রায় ২০ মিনিট ধরে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আলোচনা শেষে বিরোধীদলীয় নেতা কার্যালয় ত্যাগ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় রাজনৈতিক সহকর্মী ও বিরোধী পক্ষের নেতাদের প্রতিও সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন। জাতীয় নির্বাচন-পূর্ব সময় থেকে শুরু করে সরকার গঠনের পরও বিভিন্ন অনুষ্ঠানে তার এই আচরণ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
আজকের এই সাক্ষাৎ ও বিরোধীদলীয় নেতাকে কার্যালয়ের দিকে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আবারও তার স্বাভাবিক শিষ্টাচার ও রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিলেন।

