দেশে হামসহ ছয় ধরনের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফের মাধ্যমে এসব টিকা দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সংক্রামক রোগ প্রতিরোধ, নার্সিং সেবার মানোন্নয়ন, আইসিইউ সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দুই দেশের সমন্বয়ে ৫ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে এ গ্রুপের রূপরেখা চূড়ান্ত করা হতে পারে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর দেশে হাম প্রতিরোধে বড় ধরনের কোনো ক্যাম্পেইন হয়নি। এ কারণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
তিনি জানান, হামসহ ছয় রোগের টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত টিকা দেশে আনার জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে ইউনিসেফকে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই টিকাগুলো দেশে পৌঁছাবে।
এদিকে, হামসহ শিশুরোগের প্রকোপ বাড়তে থাকায় সরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত ২০টি ভেন্টিলেশন প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

