
নিজস্ব প্রতিনিধি:
রাজনৈতিক প্রতিহিংসা ও দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের বাসিন্দা দেওয়ান আব্দুল মান্নান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলার সময় ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। এতে বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তারা প্রাণনাশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তারা নিরাপদ আশ্রয়ের অভাবে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মতবিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, এটি একটি পরিকল্পিত হামলা এবং তারা একটি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
দেওয়ান আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও সাম্প্রতিক এই ঘটনায় তার স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।
গত বুধবার (২৫ মার্চ) তিনি বলেন,
“আমি কোনো অন্যায় করিনি। শুধুমাত্র রাজনৈতিক মতভেদের কারণে আমার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও এখনো কোনো প্রতিকার পাইনি। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছি। যেকোনো সময় প্রাণনাশের আশঙ্কা করছি।”
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
