হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি।
শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
তল্লাশির একপর্যায়ে বিমানের কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
পরে জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

