সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ঝটিকা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান। এরপর সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান।
সেখানে তিনি জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
সবশেষে সকাল ১০টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি কৃষক কার্ডের ডেমো প্রদর্শন সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

