সরকার দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকি জোরদার করতে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর পাম্পগুলিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্য জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে সকল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

