পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে আবারও রাজধানী ঢাকা-তে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ।
যাত্রীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোরের দিকে ঘাটে পৌঁছাচ্ছে, আর সেখানেই দেখা যাচ্ছে মানুষের ভিড়।
ফিরে আসা যাত্রীরা জানিয়েছেন, এবার নির্ধারিত ভাড়ায় তুলনামূলক স্বস্তিতেই যাতায়াত করতে পেরেছেন তারা। কেউ পরিবারসহ, আবার কেউ একাই জীবিকার প্রয়োজনে ঢাকায় ফিরছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে নির্বিঘ্নে রাজধানীতে ফিরেছেন তারা। ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল সরকার ঘোষিত ঈদের ছুটি, আর তা শেষ হতেই শুরু হয়েছে কর্মমুখর জীবনে ফেরার ব্যস্ততা।

