দেশের স্বর্ণবাজারে ধারাবাহিকভাবে দরপতন অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এক ধাপে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণামতে, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।
এর আগের দিন রোববার (১ ফেব্রুয়ারি) রাতেও স্বর্ণের দামে কাটছাঁট করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
নতুন দর অনুযায়ী বর্তমানে বাজারে ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ২১ বার স্বর্ণের দামে সমন্বয় আনা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ৭ বার দাম কমানো হয়েছে।

