সময়পত্র ডেস্ক: পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৯২ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তারা দেশের বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে যারা সক্ষম হবেন, তাদের পুরস্কৃত করা হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী সপ্তাহে সাইবার অপরাধ মোকাবিলায় একটি পৃথক সাইবার ইউনিট গঠন করা হবে। একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এ ইউনিট পরিচালিত হবে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

