সময়পত্র ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ঢুকে মালিক ও ক্রেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করেছে একদল ডাকাত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ৫ থেকে ৬ জন যুবক দেশীয় অস্ত্র হাতে হঠাৎ দোকানটিতে প্রবেশ করে। পরে দোকান মালিক ও ভেতরে থাকা দুই ক্রেতাকে রামদার মুখে জিম্মি করা হয়।
এরপর দোকানে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাকাতরা। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের প্রত্যেক সদস্যের মুখে মাস্ক পরা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, এখনো দোকান মালিকের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও জানান, ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

