সময়পত্র ডেস্ক: বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি সংস্থাগুলো বারবার তাগাদা দেওয়ার পরও বিগত সরকার হামের টিকা দেয়নি। এর আগেও দেশে হাম ছড়িয়েছে, তবে তখন এত রোগীর মৃত্যু হয়নি। চলতি বছর আগের তুলনায় হামে বেশি শিশু মারা গেছে বলেও জানান তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হামের টিকা দিয়েছে। শনিবার থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে এ টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন ধাপে মোট এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

