সময়পত্র ডেস্ক: জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে একই কক্ষে শুরু হয়েছে ব্যালট গণনা।
এ সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে অবস্থান করেন। কয়েকজন সংসদ সদস্যকে ভোট গণনার কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করতেও দেখা যায়। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি। অন্যদিকে সংসদ সদস্য হওয়ায় ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটগ্রহণের শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। এরপর নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করার কথা রয়েছে।

