সময়পত্র ডেস্ক: এক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম নির্ধারণের কথা জানায় বাজুস। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
এর আগে টানা তিন দফা দাম বাড়ানোর পর শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। তবে একদিনের ব্যবধানেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল বাজুস।

