সময়পত্র ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পেল আনুষ্ঠানিক পরিণতি। প্রায় এক দশক একসঙ্গে থাকার পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাগদানের এক বছর পূর্তিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের খবরটি প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। দুজনের হাতে আংটি এবং সাদা পোশাকে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সি লাভ জি’।
এর আগে রোনালদোর নিজ শহর মাদেইরায় বিয়ের আয়োজন হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়েছিল। সেই গুঞ্জনে মাদেইরার একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও সাংবাদিকদের ভিড়ও জমে। পরে জানা যায়, সেখানে অন্য এক দম্পতির বিয়ের আয়োজন ছিল।
তবে একই দিন পর্তুগালের ক্যাসকাইসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো ও জর্জিনা। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের এই শহরে কঠোর গোপনীয়তায় পারিবারিক পরিসরে বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও উপস্থিত ছিল।
এর আগে গত বছরের ১১ আগস্ট সাদামাটা আয়োজনে বাগদান সম্পন্ন করেছিলেন রোনালদো ও জর্জিনা। ঠিক এক বছর পরই বিয়ের মাধ্যমে সম্পর্ককে নতুন পরিচয় দিলেন তারা।
২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডের দোকানে প্রথম পরিচয় হয় রোনালদো ও জর্জিনার। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক। প্রায় ১০ বছর ধরে একসঙ্গে পথচলার পর এখন আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হলেন বিশ্বের অন্যতম আলোচিত এই তারকা জুটি।

