ক্রীড়া ডেস্ক: বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রি নিয়ে বিতর্কের পর ক্ষমা চেয়েছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তবে মরক্কোতে অনুষ্ঠিত বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় ফিফার সভাপতি পদে বহাল থাকছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে বুধবার মরক্কোর রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন ইনফান্তিনো। বৈঠক শেষ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ফিফা।
এদিকে ফিফার সহসভাপতি, কাউন্সিল এবং ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো এক স্বাক্ষরিত চিঠিতে নিজের ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো। ভবিষ্যতে একই ধরনের ভুল যাতে আর না ঘটে, সে বিষয়েও অঙ্গীকার করেছেন তিনি।
ফিফা জানিয়েছে, বুধবারের বৈঠকে এফএফই-সংক্রান্ত বিভিন্ন ভুল স্বীকার করা হয়েছে। তবে বৈঠকের পর ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়টি স্পষ্ট করেছে সংস্থাটি।

