সময়পত্র ডেস্ক: অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবরকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনার্স পর্যায় থেকে কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। বরং বর্তমান চাহিদার আলোকে নতুন কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।
শিক্ষামন্ত্রী জানান, মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়েও একনেক সভায় আলোচনা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় অনার্স থেকে বাদ দেওয়া হবে বলে গুজব ছড়িয়ে পড়ে।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ থাকবে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিভাগ রাখা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

