যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার ঘিরে ঘটে যাওয়া গুলির ঘটনার পর আটক সন্দেহভাজনকে “খুবই অসুস্থ ব্যক্তি” হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৫ এপ্রিল) রাতের ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং তার আবাসস্থল তল্লাশি করা হচ্ছে। ট্রাম্পের ধারণা, ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলার চেষ্টা চালায়। তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস-এর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন।
প্রেসিডেন্ট বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয় এবং নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এদিকে আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

