ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অ্যাসোসিয়েশন চুক্তি বাতিলের উদ্যোগ নিতে যাচ্ছে স্পেন। এ লক্ষ্যে দেশটি আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করবে।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় এক নির্বাচনি সমাবেশে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানান, ইইউ ও ইসরায়েলের মধ্যে কার্যকর অংশীদারিত্ব চুক্তি বাতিলের বিষয়ে স্পেন একটি প্রস্তাব দেবে।
সানচেজের অভিযোগ, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এমন কোনো রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের অংশীদার থাকতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০০ সালে কার্যকর হওয়া এই চুক্তিতে মানবাধিকার রক্ষার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেন ও আয়ারল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে চিঠি পাঠিয়ে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার আহ্বান জানিয়েছিলেন।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পেনের এই অবস্থানকে দ্বিচারিতা ও শত্রুতাপূর্ণ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক মাধ্যমে স্প্যানিশ ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তাদের দেশ এমন সমালোচনা মেনে নেবে না। তিনি স্পেনের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন।

