নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৫টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া (৩৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ওসি আরও বলেন, ‘গণপিটুনিতে নিহত দুজনের লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্টু তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

