নিজস্ব প্রতিনিধি, সিলেট:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেটে একসঙ্গে ১২৬ জন তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন হয়েছে। খরচ ছাড়াই আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীরা নতুন জীবনে পা রাখার সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন ১২৬ জন নবদম্পতি। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সাজসজ্জার জাঁকজমক ও উৎসবের আবহ, যা অনেকের কাছেই সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নের বিয়ের আয়োজনের মতো মনে হয়েছে।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই এ গণবিবাহের আয়োজন করা হয়। অর্থের অভাবে যারা প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ে করতে পারেননি, তাদের জন্য এটি একটি মানবিক উদ্যোগ।
মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবদম্পতিদের সংসার শুরুর জন্য প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়। এর মধ্যে ছিল পোশাক, খাট, বালিশ, তোশকসহ প্রয়োজনীয় তৈজসপত্র।
অনুষ্ঠানে বর-কনে ও তাদের স্ব সিলেটে খরচ ছাড়াই ১২৬ দম্পতির বিয়ে সম্পন্ন জনদের উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। আনন্দাশ্রু আর কৃতজ্ঞতায় ভরা মুখগুলো যেন আয়োজনটির সফলতারই প্রতিচ্ছবি। আয়োজকরা মনে করেন, এ উদ্যোগ সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. রেদওয়ানুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরসহ অন্যান্য অতিথিরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের মতে, এই ধরনের যৌতুকবিহীন গণবিবাহ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অসহায় মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

