মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের মরদেহ প্রায় ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে আরাফাত তার বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নামে। এ সময় চারজন একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত আর ফিরে আসেনি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর মঙ্গলবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় আরাফাতের মৃত্যুকে ঘিরে চলছে গভীর শোক ও বেদনার আবহ।

