নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ:
কৃষিজমির উর্বর উপরের মাটি (টপসয়েল) কেটে ইট তৈরির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ইটভাটা মালিক কৃষিজমির টপসয়েল কেটে ইট উৎপাদন করে আসছিল। এতে জমির উর্বরতা কমে যাচ্ছে, হুমকির মুখে পড়ছে ফসল উৎপাদন এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাড়াদিয়ার মেসার্স এ এ বি অ্যান্ড কোং-কে ৩ লাখ ৫০ হাজার টাকা, গোবিন্দলের জে বি সি ব্রিকসকে ২ লাখ টাকা, বেরুন্ডীর কে এফ সি ব্রিকসকে ৪ লাখ টাকা, খোলাপাড়ার মেসার্স সোহান ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রামকান্তপুরের মেসার্স কে বি সি ব্রিকস-১ ও কে বি সি ব্রিকস-২-কে পৃথকভাবে ১ লাখ ৫০ হাজার টাকা করে এবং মেসার্স এম আর এম ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০১৯-এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোজাফফর খান।
পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি এবং এটি দেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

