ডেস্ক রিপোর্ট: ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে বিজয় রাকিন সিটি’র কমার্শিয়াল কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব মোটরসাইকেল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে করপোরেট সেলস এক্সিকিউটিভ মো. খালিদ খান, মো. তুষার হোসাইন খান এবং মো. সোহাগ রানার হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলস ও মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে কাজ করতে হয় এবং বিভিন্ন স্থানে গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হয়। দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে কর্মকর্তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। সেই লক্ষ্য থেকেই কোম্পানির পক্ষ থেকে এই মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান মিরাজ বলেন, কোনো প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মীদের কাজের সুবিধা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলে। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কর্মীদের কাজের পরিবেশ উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়ক উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. সাঈদ হোসেন পাটোয়ারীসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে মোটরসাইকেলপ্রাপ্ত কর্মকর্তারা কোম্পানি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

