দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সরকারি সূত্রে জানা গেছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রা বহন করে সান্তা ক্রুজ শহর থেকে উড্ডয়ন করেছিল বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ে অতিক্রম করে রাজধানী লা পাজ সংলগ্ন এল আলতো শহরের একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বিমানটি সড়কে পড়ায় সেখানে চলাচলরত কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দর।

