পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। সেই কমিশন প্রায় ৭০টির মতো সুপারিশ দিয়েছে। এখন এসব সুপারিশ বাস্তবায়নের দিকেই গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা দেশের ইতিহাসে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার ওপরও জোর দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ওই হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত ছিল। সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্য থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে।

