দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণে তিনি বলেন, দলীয় পরিচয় বা রাজনৈতিক প্রভাব নয়—আইনই হবে সরকারের প্রধান ভিত্তি।
প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দুঃশাসনের ফলে দেশের অর্থনীতি নাজুক অবস্থায় পৌঁছেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও দুর্বল হয়েছে। এই বাস্তবতায় নতুন সরকার দায়িত্ব নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা জোরদার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান সরকারপ্রধান।
রমজান মাসকে ঘিরে ব্যবসায়ীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এই সময়কে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে দেখার প্রবণতা পরিহার করতে হবে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে জুয়া ও মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এসব কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।
রাষ্ট্রের সব সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়মনীতি অনুযায়ী পরিচালনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের দলীয় হস্তক্ষেপ, রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত প্রভাব বরদাশত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তুলে জনগণের আস্থা পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য।
সরকারের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

