নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকায় সেতুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র, ককটেল ও বোমাসহ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানিকগঞ্জ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।

তিনি জানান, গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৫৪ জন সেনাসদস্য এবং বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য নিয়ে গঠিত একটি যৌথ চৌকস দল তাৎক্ষণিকভাবে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে পাকিস্তান প্রস্তুতকৃত একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত শক্তিশালী বোমা এবং কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাটি পরবর্তীতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিরাপদভাবে ধ্বংস করা হয়।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, ককটেল ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

