নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ২০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা ক্রীড়া আয়োজনে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি ও সমাজসেবক মো. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-১) মো. মোজাফফর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব মোহাম্মদ ফিজনূর রহমান, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আরিফুর রহমান, এ কাদের ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল নোমান, প্রধান অতিথির সহধর্মিণী হাবিবা আহমেদ এবং সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৫৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রায় ৬শ শিক্ষার্থীর মধ্যে সাড়ে ৫শ শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মধ্যে মহিলা অভিভাবকদের ভারসাম্য দৌড় এবং শিক্ষার্থীদের লং জাম্প ছিল সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট।
শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

